Image

নীলফামারী-৪ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা চলছে বিরামহীন

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : জমে উঠেছে নীলফামারী- ৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা। চলছে সভা সমাবেশ ও গণসংযোগ। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে এসব কার্যক্রম। 

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার তাঁর রুটিন কর্মসূচি অনুয়ায়ী দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন সৈয়দপুর ও কিশোরগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায়। চালানে হচ্ছে সভা সমাবেশ।

এসব অনুষ্ঠানে আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট চাইছেন তিনি।

সুত্র মতে নীলফামারী -৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনে ১৪১ টি ওয়ার্ড রয়েছে। এরমধ্যে সৈয়দপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ড ও উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডসহ মোট ওয়ার্ড রয়েছে ৬০ এবং কিশোরগঞ্জের ৯ টি ইউনিয়নে ৮১ টি ওয়ার্ড রয়েছে। দুই উপজেলা মিলিয়ে এ আসনে ভোটার সংখ্যা প্রায় সোয়া চার লাখেরও বেশী। ফলে ব্যাপক জনসংখ্যার এ আসনে নির্বাচনী কার্যক্রমে চালানো হচ্ছে ব্যাপক প্রচারনা। বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ দায়িত্বে জনগনের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ধানের শীষে ভোট। দুই উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে মিছিল, গণসংযোগ ও সভা সমাবেশও হচ্ছে। 

সৈয়দপুর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙালিপুর, বোতলাগাড়ি ও খাতামধুপুর ইউনিয়ন এবং পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বিরামহীনভাবে চলছে নির্বাচনী প্রচারণা। গতকাল সৈয়দপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গনসংযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম সরদার, আনোয়ার হোসেন হাবলু, রানা আলম, শফিকুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরআগে সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান ও যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে গনসংযোগের মাধ্যমে চালানো হয় ধানের শীষের নির্বাচনী প্রচারণা। এসময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে বলেন, ৯ নং ওয়ার্ডে প্রতিটি নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়েছে। এবারও আপনাদের পবিত্র আমানত (ভোট) ধানের শীষে দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখবেন। 

এসময় অন্যান্যদের মধ্যে সাবেক কাউন্সিলর ও মহিলা দল নেত্রী ইয়াসমিন বেগম, মহিলা দল নেত্রী সুলতানা রহমান, মালেকা বেগম ইতি, মোশারাত খাতুনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়া উপজেলার খাতামধুপুর ইউনিয়নে বিএনপি নেতা জুয়েল চৌধুরী, কৃষকদল নেতা আলফ্রেড টিটো চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের পক্ষে মিছিল ও গনসংযোগ করেছে দলের সকলস্তরের নেতাকর্মী। কাশিরাম বেলপুকুর ইউনিয়নে বিএনপি নেতা আনিসুল চৌধুরী ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিএনপি নেতা লুৎফর রহমান চৌধুরীর নেতৃত্বে পৃথক পৃথক গনসংযোগ করেছে দলের নেতাকর্মীরা। উপজেলার অন্যান্য ইউনিয়নে করা হয়েছে নির্বাচনী সভা সমাবেশ। এসময় সৈয়দপুর ও কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নে বিএনপি মনোনীত  প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আহবান জানানো হয়। 

এছাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে হয়েছে ধানের শীষের গনসংযোগ ও মিছিল। 

এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, মৎস্যজীবি দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস,জিয়া পরিষদ, জিয়া মঞ্চ, শহীদ জিয়া স্মৃতি সংসদ ছাড়াও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।