Image

বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দলটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। 

নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির আত্মপরিচয়, সাংস্কৃতিক স্বকীয়তা ও ন্যায়ের দাবির এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের পথ ধরেই পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজ রোপিত হয়েছিল।

নেতৃবৃন্দ আরও বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সকল ভাষাভাষী মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টি দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সিনিয়র সহ-সভাপতি সুশান্ত দাস গুপ্ত, সাধারণ সম্পাদক এডভোকেট সুশান্ত অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদিকা কনা চৌধুরী, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়া বসাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করা হয়।