Image

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের কর্মী ও সমর্থকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের কর্মী-সমর্থকদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের এমএম প্লাজা প্রাঙ্গনে বিএনপি ও এর সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের বহিষ্কৃত নেতা-কর্মীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান বহিষ্কৃত বিএনপি নেতা আজিজুর রহমান পাড়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহম্মেদ পুটু, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফি হাফিজুর রহমান বাবু, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ন কবির ডাবলু, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল ও সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের বহিস্কৃত আহ্বায়ক ফরহাদ সাদ্দাম প্রমুখ।

প্রধান অতিথি নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় ফুটবল প্রতীকের কর্মী-সমর্থকদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে তার কঠোর জবাব প্রদান করা হবে বলে তিনি হামলাকারীদের হুশিয়ার করে দেন এবং আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) একই স্থানে আবারও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এ প্রতিবাদ সমাবেশে ফুটবল প্রতীকের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এবং বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সাবেক ও বহিষ্কৃত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর মোজামের মোড় এলাকায় দোকানঘর দখলকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীনের কর্মী সমর্থকরা নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এ হামলায় আহত হন নারীসহ কমপক্ষে আট কর্মী-সমর্থক। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জানিয়ে উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক জাহাঙ্গীর আলম বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।